নাট্যাভিনেতা সিদ্দিকুর রহমানের ছয় বছর বয়সী ছেলে আরশ হোসেন তার মা মারিয়া মিমের কাছে থাকবে বলে আদেশ দিয়েছে হাইকোর্ট। তবে চাইলে সপ্তাহে দুদিন সিদ্দিকুর রহমান ছেলেকে নিজের কাছে রাখতে পারবেন।
শিশুর মায়ের করা রিট আবেদনের চূড়ান্ত শুনানিতে গতকাল বুধবার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে মিমের পক্ষে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। আর ছিদ্দিকুর রহমানের পক্ষে শুনানি করেন মোহাম্মদ আলী।
পরে আইনজীবীরা সাংবাদিকদের জানান, আদালতের আদেশে বলা হয়েছে শিশুটির অভিভাবকত্ব নিয়ে কোনো পক্ষ চাইলে সংশ্লিষ্ট আদালতে মামলা করার স্বাধীনতা থাকবে। শিশুটিকে বৃহস্পতিবারই মায়ের কাছে দিতে সিদ্দিককে বলা হয়েছে বলেও জানান তারা।
২০১২ সালে মে মাসে ছিদ্দিকুর রহমানের সঙ্গে মারিয়া মিমের বিয়ে হয়। পরের বছর জুনে তাদের কোলজুড়ে আসে আরশ। গত বছর ১৯ অক্টোবর এই দম্পতির বিচ্ছেদ হয়। এরপর থেকে আরশ বাবার কাছে রয়েছে। ছেলেকে নিজের কাছে পেতে আদালতের দ্বারস্থ হয়ে অবশেষে মিম সফল হলেন।