সোনারগাঁয়ে সংঘর্ষের আশঙ্কায় ওয়াজ বন্ধ করল প্রশাসন

সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের চান্দেরপাড়া গ্রামে আয়োজিত ওয়াজ মাহফিল দুই ভিন্নপন্থির মধ্যে সংঘর্ষের আশঙ্কায় বন্ধ করে দিল প্রশাসন। গতকাল বুধবার সন্ধ্যায় স্থানীয় প্রশাসনের নির্দেশে সোনারগাঁ থানা পুলিশ এটি বন্ধ করে দেয়।

স্থানীয়রা জানায়, উপজেলার চান্দেরপাড়া গ্রামে আহলে হাদিসের সমর্থকরা বুধবার রাতে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। ওই ওয়াজ মাহফিলের মাত্র দুইশত গজ দূরে হানাফি মাজহাবের সমর্থকরা পাল্টা আরও একটি ওয়াজ মাহফিলের আয়োজন করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। প্রশাসন দুপক্ষের সংঘর্ষের আশঙ্কায় ওই ওয়াজ মাহফিল দুটি বন্ধ করে দেয়।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, ভিন্নপন্থি দুই গ্রুপের ওয়াজ একই স্থানে দেওয়ায় সংঘর্ষের আশঙ্কায় প্রশাসনের নির্দেশে ওয়াজ দুটি বন্ধ করে দেওয়া হয়। দুটি ওয়াজের আয়োজকরাই প্রশাসনের অনুমতি নেয়নি।