দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী আনোয়ারা পারভীনের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভূত সম্পদ উপার্জনের দায়ে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুর।
দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুরের বীরগঞ্জ থানার সাবেক ওসি জাহাঙ্গীর হোসেন বাংলাদেশ পুলিশ বিভাগে চাকরিরত অবস্থায় অবৈধ উপায়ে উপার্জিত অর্থ দ্বারা তার স্ত্রী মোছা. আনোয়ারা পারভীনের নামে বিপুল পরিমাণ সম্পদ গড়ে তোলেন।
তিনি ও তার স্ত্রী আনোয়ারা পারভীন দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীর বিপরীতে ১ কোটি ১৫ লাখ ৮৫ হাজার ৬৭১ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করেছেন। সেই সঙ্গে ১ কোটি ৫৭ লাখ ৬৬ হাজার ৬৫৯ টাকা মূল্যের জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ অর্জন ও ভোগ দখলের অভিযোগে দুদকের পক্ষ থেকে এই মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম জানান, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে আনোয়ারা পারভীনের বিরুদ্ধে জ্ঞাতআয়বহির্ভুত সম্পদ উপার্জনের দায়ে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪-এর ২৭ (১) ধারায় ও আনোয়ারা পারভীন ও তার স্বামী ওসি মো. জাহাঙ্গীর হোসেনের বিরুদ্ধে দ-বিধির ১০৯ ধারা ও ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪ (২) ও ৪ (৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এর আগে গত ২৯ জানুয়ারি দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপসহকারী পরিচালক জিন্নাতুল ইসলাম বাদী হয়ে মামলা করেন।