রাজধানী ঢাকার নিউ ইস্কাটনের একটি আবাসিক ভবনের গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় শিশুসহ কমপক্ষে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় আরও ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থা আশঙ্কাজনক।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে নিউ ইস্কাটনের দিলু রোডের ওই পাঁচতলা ভবনের গ্যারেজে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তাৎক্ষণিক তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল অপারেটর এরশাদ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া জানান, অগ্নিকাণ্ডে নিহত এক শিশুসহ তিনজনের মরদেহ মর্গে রাখা হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
তিনি জানান, দগ্ধ শহিদুল কিরমানি রনি ও তার স্ত্রী জান্নাতুল ফেরদৌস আশঙ্কাজনক অবস্থায় ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। জান্নাতুলের শরীরের ৯৫ শতাংশ আর রনির শরীরের ৪৩ শতাংশ পুড়ে গেছে।
এছাড়াও ধোঁয়ায় অসুস্থ হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন মনির হোসেন, সুমাইয়া আক্তার, মাহাদী হাসান ও মাহমুদুল হাসান।