সহিংসতায় বিজেপি-আম আদমি সরকার নীরব দর্শক ছিল: কংগ্রেস

ভারতে দিল্লির সহিংসতায় বিজেপি সরকার ও রাজ্য সরকারের বিরুদ্ধে দেশটির রাষ্ট্রপতির কাছে অভিযোগ জানিয়েছে কংগ্রেস।

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সোনিয়া গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করে।

দিল্লির ঘটনায় রাষ্ট্রপতিকে স্মারকলিপি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বরখাস্তের দাবি জানান তারা। অমিত শাহের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ আনে কংগ্রেস।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বলেন, “আমরা রাষ্ট্রপতির কাছে আরজি জানাই ‘রাজধর্ম’ পালনে তিনি নিজের ক্ষমতার ব্যবহার করুন।”

সোনিয়া গান্ধী বিজেপি ও আম আদমির কঠোর সমালোচনা করে বলেন, “কেন্দ্র ও দিল্লির নবনির্বাচিত সরকার এই সহিংসতার নীরব দর্শক ছিল।”

কয়েক দশকের মধ্যে দিল্লির নজিরবিহীন এই সাম্প্রদায়িক হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। আহত দুই শতাধিক। আহতদের মধ্যে প্রায় ৭০ জন গুলিবিদ্ধ।

দিল্লির সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার রাতে নতুন করে নিহতের খবর না এলেও উত্তর-পূর্ব দিল্লি থমথমে মৃত্যুপুরীতে পরিণত হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানায়, ‘হিন্দুয়োঁ কা হিন্দুস্তান’, ‘জয় শ্রীরাম’- এসব স্লোগান দিয়ে সংখ্যালঘু মুসলিমদের বাড়িঘর, দোকানপাট ও মসজিদে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বিবিসি বাংলা জানায়, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে, যেখানে দাঙ্গাকারীদের সঙ্গে পুলিশ দাঁড়িয়ে আছে দেখা যায়। কোথাও আবার নিজ হাতে সিসিটিভি ক্যামেরা ভেঙেছে পুলিশ।