লড়াইয়ে ‘অভ্যস্ত’ সাইফউদ্দিন

পিঠের চোটের কারণে পাঁচ মাস জাতীয় দলের বাইরে ছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। সেই চোট কাটিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে ফিরতে যাচ্ছেন মাঠে। দীর্ঘ দিন পর ফিরে কতটা মেলে ধরতে পারবেন নিজেকে?

সাইফউদ্দিন বলছেন, শতভাগ দিয়েই খেলতে তৈরি তিনি। আর ফেরার লড়াইয়ের ব্যাপারটায় অভ্যস্ত হয়ে গেছেন ২৩ বছর বয়সী অলরাউন্ডার।

বৃহস্পতিবার মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাইফউদ্দিন বলেন, ‘চোটের কারণে এবার ৫ মাস বাইরে ছিলাম। কিন্তু আগে বাজে পারফরম্যান্সের কারণে দলের বাইরে ছিলাম ৮ মাস। আমি এসবে অভ্যস্ত।’

‘এখন হয়তো চোট থেকে ফিরছি। আগেও এমন হয়েছে। এসব আসলে চাপ না। পেশাদার হিসেবে এটাই সত্যি। ভালো খেললে থাকব। খারাপ খেললে বাইরে চলে যাব।’

জাতীয় দলের জার্সিতে সাইফউদ্দিন সবশেষ খেলেছেন গেল বছর সেপ্টেম্বরে আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আয়োজিত ত্রিদেশীয় সিরিজে। এরপর বাইরে চলে যাওয়া। পুনর্বাসন প্রক্রিয়া শেষে জাতীয় দলে ফেরার আগে বিসিএলে খেলেছেন একটি ম্যাচ।

অবশ্য সেখানে খুব বেশি ভালো করতে পারেননি তিনি। উত্তরাঞ্চলের হয়ে দুই ইনিংস তার রান ৪ (০, ৪)। বল হাতে প্রথম ইনিংসে ১৩ ওভার বল করেন। দ্বিতীয় ইনিংসে করেন ৭ ওভার। কোনো উইকেটের দেখা পাননি।

সেই পারফরম্যান্স নিয়ে সাইফউদ্দিন বললেন, ‘সেখানে একটু বাঁধাধরা নিয়ম ছিল। এক দিনে সর্বোচ্চ ৮ ওভার...। সেটির পর দুই সপ্তাহ হয়ে গেছে। এখন আশা করি শতভাগ গিয়ে খেলতে পারব।’