অজিদের সামনে অসহায় বাংলাদেশ

চারটা ক্যাচ ফেলে ম্যাচ জয়ের আশা করা যায় না। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে বোধহয় জয়ের আশা করেওনি বাংলাদেশ। অন্তত ব্যাট করার সময় তাদের মধ্যে সেই চেষ্টা দেখা যায়নি। তাছাড়া টার্গেটাও ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছিল। ক্যানবেরার মনুকা ওভালে টস জিতে আগে ব্যাট করা অস্ট্রেলিয়া নির্ধারিত ওভারে ১ উইকেট হারিয়ে ১৮৯ রানের বিশাল স্কোর গড়েছিল। কেউ সেঞ্চুরি করেননি। তবে দুই ওপেনারই আশির ওপর রান করেছেন। জবাবে বাংলাদেশ ৯ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয়। ৮৬ রানের বড় ব্যবধানে হেরেছে তারা। ভারতের কাছে প্রথম ম্যাচে হারার পর গতকালের পরাজয়ে সালমা খাতুনদের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার সম্ভাবনা কঠিন হয়ে গেল।

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার শুরুটা হয়েছে চমৎকার। ওপেনিং জুটিতে এলিসা হেলি এবং বেথ মোনি ১৫১ রানের জুটি গড়েন। ফিফটির পর দুইবার জীবন পাওয়া মোনি শেষ পর্যন্ত ৮১ রানে অপরাজিত ছিলেন। ৫৩ বলে ৮৩ রান করে আউট হন হেলি। একমাত্র উইকেটটি পেয়েছেন সালমা খাতুন। অস্ট্রেলিয়ার পক্ষে অ্যাশলেঘ গার্ডনার ২২ রানে অপরাজিত ছিলেন। মূলত দুই অজি ওপেনারের দাপটেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে অস্ট্রেলিয়া। জানাই ছিল এই টার্গেট বাংলাদেশের জন্য বড্ড বেশি বড়। বাংলাদেশ লক্ষ্য পেরোনোর চেষ্টাও করেনি। মাত্র ২৬ রানে তিন উইকেট পড়ার পর ধুঁকতে থাকেন সালমারা। এরপর তৃতীয় উইকেটে নিগার সুলতানা আর ফারজানা হক ৫০ রানের জুটি গড়েন। ১৩.৬ ওভারে বাংলাদেশের চতুর্থ উইকেট পরে। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা হক। নিগার সুলতানা করেন ১৯ রান। আর কেউ বলার মতো রান করতে পারেননি। শেষ ওভারে টানা তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পক্ষে মেগান স্কাট ৩ উইকেট নেন। জেস জনসেন নেন ২ উইকেট। টি-টোয়েন্টিতে বাংলাদেশের সবচেয়ে বড় হারের রেকর্ড হওয়ার ক্ষেত্রে এই দুজনের অবদান কম নয়। ম্যাচশেষে সালমা বলেন, ‘অস্ট্রেলিয়া অনেক ভালো দল। ১৯০ রানে লক্ষ্যটা অনেক বড়। অস্ট্রেলিয়ান বোলাররা দারুণ লাইন এবং লেংথে বোলিং করেছে। আমাদের ব্যাটসম্যানরা শট বল খেলতে অভ্যস্ত নয়। আমরা নিউজিল্যান্ড ম্যাচের দিকে তাকিয়ে আছি।’ আগামীকাল ভোর ৬টায় নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের তিন নম্বর ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ জেতার পর অস্ট্রেলিয়ান অধিনায়ক মেগা লেনিং বলেন, ‘এটা দারুণ অলরাউন্ড পারফরম্যান্সের ফসল। হেলি এবং বেথ দিনের শুরুতেই ম্যাচের গতিপথ ঠিক করে দিয়েছিল। আমরা প্রথম বল থেকেই আক্রমণাত্মক ছিলাম। সব মিলিয়ে এটা দারুণ অলরাউন্ড পারফরম্যান্স।’

এ গ্রুপের অন্য ম্যাচে নাটকীয়ভাবে নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে তারা ১৩৩ রান করে। জবাবে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ১৩০ রানে থামে নিউজিল্যান্ড। ৪৬ রান করা শেফালি ভার্মা ম্যাচসেরা হন।