শিক্ষার্থীদের অনশনে রাবি শিক্ষকের একাত্মতা, অন্য শিক্ষকের হুমকি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের নাম পরিবর্তনের দাবিতে অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষক একাত্মতা প্রকাশ করায় অন্য আরেক শিক্ষক তাকে হুমকি দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টায় তৃতীয় বিজ্ঞান ভবনের সামনে শিক্ষার্থীদের অনশন চলাকালে অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান একাত্মতা প্রকাশ করে। এ সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পা ভেঙে দেওয়ার হুমকি  দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। হুমকির বিষয়ে জানতে চাইলে ফরিদ খান বলেন, ‘শিক্ষার্থীদের অনশনের ব্যাপারটি জেনে আমি তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করি। এমন সময় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক তারেক নূর আমাকে ফোন দিয়ে উঠে যেতে বলে। আমি এরপরও সেখানে অবস্থান করলে সে আমার দিকে মারার জন্য তেড়ে আসে। এ সময় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।’