ঢাকা কলেজে পাঁচ ছাত্রকে ছুরিকাহত করার ঘটনায় দায়ের করা মামলায় সিটি কলেজের তিন ছাত্রকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ধানমন্ডি থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- খলিলুর রহমানের ছেলে আশিকুর রহমান (১৮), ওমর খইয়ামের ছেলে সাব্বির আহমেদ (১৮) এবং আলমগীর সরকারের ছেলে ইয়াসিন সরকার (১৮)।
গ্রেপ্তারকৃতদের তিন দিনের রিমান্ড চেয়ে শুক্রবার আদালতে তুলেছে ধানমন্ডি থানা পুলিশ।
এর আগে গুরুতর আহত ঢাকা কলেজের ছাত্র রাগিব নেহাল সিয়ামের বাবা বাবুল সরদার চাখারী ধানমন্ডি থানায় সিটি কলেজের চার শিক্ষার্থীকে আসামি করে একটি মামলা দায়ের করেন।
ধানমন্ডি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির দেশ রূপান্তরকে বলেন, গতকালের (বৃহস্পতিবার) ঘটনায় আহত এক শিক্ষার্থীর বাবা মামলা করেছেন। আমরা তিনজনকে গ্রেপ্তার করেছি।
তিনি বলেন, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত কিনা জানতে গ্রেপ্তারকৃতদের আদালতে তুলে তিন দিনের রিমান্ড চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সিটি কলেজের ছাত্রদের সঙ্গে সংঘর্ষে ঢাকা কলেজের পাঁচ ছাত্র ছুরিকাহত হন।