পানিতে জীবনের সৃষ্টি। পানিতে জীবনের রক্ষা। পানিতে পৃথিবীর অস্তিত্ব। পানি পাওয়া গেলে সেখানে টিকতে পারে প্রাণ, তাই এই গ্রহ ছাড়িয়ে ভিন গ্রহে পানির সন্ধানে বিজ্ঞানীরা বহুদিন ধরে। এবার সেটি পাওয়া গেছে সৌরজগতের বৃহত্তম গ্রহ বৃহস্পতিতে। তাও ধারণার চেয়ে অনেক বেশি।
মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, ২০১১ সালে পাঠানো তাদের জুনো মহাকাশযানের তথ্যানুযায়ী বৃহস্পতিবার বায়ুমণ্ডলের অণুতে ০.২৫ শতাংশ পানি রয়েছে। সূর্যের চেয়ে এই হার তিন গুণ বেশি।
গবেষক দলের প্রধান বিজ্ঞানী স্কট বোলটনের কথায়, ‘বৃহস্পতি আমাদের চমকে দিয়েছে। কেউ ভাবতেই পারিনি যে স্তরে স্তরে প্রায় পানির অস্তিত্ব মিলতে পারে। দেখা গেছে, বায়ুমণ্ডলের একটা নির্দিষ্ট স্তরের নিচে মেঘ জমে। তাপমাত্রার হেরফেরে তা বৃষ্টির মতো ঝরবে।’
মূলত দুই নিরক্ষীয় অঞ্চলে পানির অস্তিত্ব মিলেছে। যে পরিমাণ পানির হিসাব দিয়েছিল আগের গ্যালিলিও যান, তার চেয়ে বেশি পরিমাণ পানিই আছে। এখন গ্রহের অন্য অঞ্চলের সঙ্গে এই পানির পরিমাণ তুলনা করে দেখা হবে।