ঢাকা ও সিটি কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

আহতদের দেখতে ঢামেকে শিক্ষামন্ত্রী

রাজধানীর ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত দুই ছাত্রকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল শুক্রবার বেলা দেড়টার দিকে তিনি হাসপাতালে যান। সেখানে তিনি আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন ও তাদের সঙ্গে কথা বলেন। ওই দুজন হলো হাসপাতালের আইসিইউতে ভর্তি তামিম আহমেদ সোয়াত ও ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি সাফওয়ান সাফি। তারা দুজনই ঢাকা কলেজের শিক্ষার্থী।

গত বৃহস্পতিবার দুপুর ১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজ ও সিটি কলেজের একদল শিক্ষার্থীর মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের পাঁচ শিক্ষার্থী আহত হয়। তারা হলো তানভীর, নিহাল, সাফওয়ান, রাহাত ও সোয়াত। তারা সবাই ঢাকা কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। ওই সংঘর্ষে আহত সবাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। দুজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চিকিৎসা চলছে। বাকিদের ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে।

হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার সময় সেখানে উপস্থিত সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ‘দুটি কলেজের শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো কারণে দ্বন্দ্ব হয়েছে। ধস্তাধস্তি, মারামারি হয়, কিন্তু সেটা এ ধরনের বাজেভাবে আহত করবে, এভাবে ছুরিকাঘাত করবে, এটা কখনো কারও কাম্য নয়। এগুলো একেবারেই গ্রহণযোগ্য নয়। এ ক্ষেত্রে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আরও শক্ত ভূমিকা নিতে হবে। আর যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের ইতিমধ্যে আইনের আওতায় আনা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে।