নয়াপল্টন কার্যালয় ঘিরে পুলিশ, নতুন কর্মসূচি বিএনপির

বিএনপির কারাবন্দি ও অসুস্থ চেয়ারপারসন খালেদা জিয়াকে জামিন না দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করার কথা ছিল দলটির। কিন্তু সকাল থেকেই নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

শেষ পর্যন্ত পুলিশের বাধার মুখে বিক্ষোভ সমাবেশ স্থগিত করে নতুন করে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার বেলা ১১টার দিকে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের বিরুদ্ধে আজকে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য বিক্ষোভ সমাবেশে পুলিশের বাধার প্রতিবাদে আগামীকাল (রবিবার) ঢাকা মহানগরে থানায় থানায় বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।’

এছাড়া বিদ্যুৎ ও ওয়াসার পানির দাম বৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদে সোমবার ঢাকা মহানগরসহ সারা দেশে জেলা সদর ও মহানগরে মানববন্ধন কর্মসূচি পালিত হবে। ঢাকায় মানববন্ধন জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত চলবে।

রিজভী বলেন, ‘অন্যান্য মামলায় দেশনেত্রী জামিনে থাকায় সারা জাতি আশা করেছিল শারীরিকভাবে ভীষণ অসুস্থ বর্ষীয়ান এই নেত্রী উন্নত চিকিৎসার জন্য হলেও জামিন পাবেন। কিন্তু জনগণের সেই প্রত্যাশা পূরণ হয়নি।’

তিনি বলেন, ‘জামিন আবেদন খারিজ সরকারের প্রতিহিংসাপরায়ণতা ও ফরমায়েশি রায়েরই প্রতিফলন। আদালত দিয়ে প্রতিশোধ গ্রহণের রমরমা রাজনীতির সফলতায় আওয়ামী লীগ উল্লসিত।’

এ সময় বিএনপি মুখপাত্র বলেন, ‘গ্যাসের দাম বাড়ানোর পর গত বৃহস্পতিবার সরকারের নির্দেশে বিইআরসি কর্তৃক গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানো সম্পূর্ণরূপে জনস্বার্থ পরিপন্থী। একই সঙ্গে আগামী এপ্রিল মাস থেকে গ্রাহকদের আগের চেয়ে ২৫ শতাংশ বেশি দাম দিয়ে ওয়াসার পানি কিনতে হবে। তবে সেই পানি বিশুদ্ধ হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ১২ বছরে ১৩বার ওয়াসার পানির দাম বেড়েছে। সরকারের এ সকল গণবিরোধী সিদ্ধান্ত নিজেদের লুটপাটকে অব্যাহত রাখা এবং দেশের মানুষকে শোষণ করে কঙ্কালসার বানানোই একমাত্র উদ্দেশ্য।’