রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাদিরপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে স্বামী-স্ত্রী ও দুই সন্তানসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রাইভেটকারটি দুমড়েমুচড়ে উল্টে যায়।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের কাদিরপুরে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- রাজশাহী নগরীর দেবিশিংপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে মোশাব্বেব আলী (৪০), তার স্ত্রী হাসনারা বেগম (৩৫), তাদের শিশু সন্তান আদিব আল হাসান ও মুশফিরা খাতুন। চাঁপাইনবাবগঞ্জের চর চাকলা দেবীনগর এলাকার আলী মুর্তজার মেয়ে আসিয়া (৩০) ও নগরীর মেহেরচন্ডি এলাকার প্রাইভেটকার চালক মাহবুবুর রহমান।
রাজশাহী শহর থেকে প্রাইভেটকারযোগে গোদাগাড়ীতে বিয়ের দাওয়াত খেতে যাচ্ছিল পরিবারের সদস্যরা।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খাইরুল ইসলাম বলেন, রাজশাহী থেকে প্রাইভেটকারটি গোদাগাড়ীর দিকে যাচ্ছিল। কাদিরপুরে কারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়েমুচড়ে উল্টে যায়।
তিনি জানান, এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে আরও তিনজনকে মৃত ঘোষণা করা হয়।