বঙ্গবন্ধু দিয়েছেন দেশ, তার কন্যা দিয়েছেন উন্নয়ন: সালমান এফ রহমান

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমান এমপি বলেছেন সারা বিশ্ব বাংলাদেশকে উন্নয়নের মডেল হিসেবে মেনে নিয়েছে।

প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক এই উপদেষ্টা আরও বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের দিয়েছেন দেশ, আর তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়েছেন উন্নয়ন।

শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলার মেঘুলা কবি নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

সালমান এফ রহমান আরও বলেন, জননেত্রী শেখ হাসিনা নারী উন্নয়নে অনেক কাজ করছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে কারণে বর্তমানে আমরা নারীদের উন্নয়নে আমেরিকার চেয়ে ভালো অবস্থানে।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক আইজিআর ড. খান মো. আব্দুল মান্নান, দোহার উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আক্তার রিবা, দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সাজ্জাদ হোসেন প্রমুখ।