ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশের উপাচার্য প্রকৌশলী অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর।
বৃহস্পতিবার উৎসবমুখর পরিবেশে সারা দেশে আইইবির কেন্দ্রসমূহে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে সারা দেশের আট হাজার নিবন্ধিত সিভিল ইঞ্জিনিয়ার ভোটার রয়েছেন।
শুক্রবার রাতে আইইবির নির্বাচন কমিশন ফলাফল ঘোষণা করে। এতে বিডিইউ উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বিপুল ভোটে জয়ী হন।
বিপুল ভোটে নির্বাচিত হয়ে উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে সারা বংলাদেশের সিভিল ইঞ্জিনিয়াররা যুক্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব সিভিল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, সব সিভিল ইঞ্জিনিয়ারদের সঙ্গে নিয়ে জাঁকজমকপূর্ণভাবে মুজিব বর্ষ উদযাপন করা হবে।
অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর এর আগে আইইবির সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস চেয়ারম্যান এবং বেশ কয়েকবার সেন্ট্রাল কাউন্সিল মেম্বার নির্বাচিত হয়েছেন।
অধ্যাপক ড. মুনাজ আহমেদ নুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ উপাচার্যের দায়িত্ব পালনের আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটির) উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের অন্যতম সদস্য।
শনিবার সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশের (আইইবি) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান পদে নির্বাচিত হওয়ায় মুনাজ আহমেদ নূরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, বাংলাদেশ পরিবার।
এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. আশরাফ উদ্দিন, সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট মুহাম্মদ শাহীনূল কবীরসহ বিডিইউ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।