জনগণকে দমিয়ে রেখে রাষ্ট্র পরিচালনা করতে চায় সরকার: মির্জা ফখরুল

দলের চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন না হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করতে না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণকে দমিয়ে রেখে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনা করতে চায়।

বিক্ষোভ সমাবেশে অংশ নিতে শনিবার বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন মির্জা ফখরুল। এ সময় তিনি দেখেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কার্যালয়ে ঘিরে অবস্থান নিয়েছে। কার্যালয়ের মূল ফটকের সামনেও পুলিশ সদস্যদের অবস্থান করতে দেখে তিনি তাদের ফটক ছেড়ে দাঁড়াতে বলেন।

বিএনপি মহাসচিব পুলিশকে ফটক ছেড়ে যেতে বলার পর তারা একটু দূরে সরে যায়। এরপর কার্যালয়ে প্রবেশ করে মির্জা ফখরুল। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে প্রতিক্রিয়া জানান।

দলীয় কার্যালয়ের সামনে পুলিশ দেখে ক্ষোভ জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, এই স্বৈরতান্ত্রিক ও জনগণের ম্যান্ডেটবিহীন সরকার জনগণের সব অধিকার কেড়ে নিয়েছে। তারই ধারাবাহিকতায় তারা সমাবেশ করতে দিচ্ছে না, র‌্যালি করতে অনুমতি দেয় না। এটা এখন একটি গতানুগতিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। জনগণকে দমিয়ে রেখে এরা রাষ্ট্র পরিচালনা করতে চায়।

খালেদা জিয়ার মুক্তির প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এত অসুস্থ, তারপরেও তাকে জামিন দেয়া হচ্ছে না। ষড়যন্ত্র মূলকভাবে দেওয়া হচ্ছে না।

পুলিশের অনুমতি না পেলেও সমাবেশের ঘোষণা একবার বিএনপি দিয়েছিল। ঘোষণার বিষয়টি তাকে স্মরণ করিয়ে দিলে মির্জা ফখরুল বলেন, আমরা চেষ্টা করছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব করার, স্পেসগুলোকে নিয়ে চেষ্টা করছি।