মালয়েশিয়ার রাজনীতি

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মুহিউদ্দিন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন মালয় জাতীয়তাবাদী নেতা মুহিউদ্দিন ইয়াসিন। গতকাল রবিবার দেশটির রাজপ্রাসাদে এক অনুষ্ঠানে রাজা সুলতান আবদুল্লাহ সুলতান আহমদ শাহর সামনে শপথ গ্রহণ করেন তিনি। মুহিউদ্দিন পদত্যাগকারী প্রধানমন্ত্রী ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদের স্থলাভিষিক্ত হলেন।

বিবিসির খবরে বলা হয়, শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী হিসেবে নিজের দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করার প্রতিশ্রুতি দিয়েছেন মুহিউদ্দিন। আজ সোমবার থেকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে কাজ শুরু করবেন।

এদিকে সদ্য পদত্যাগ করা ৯৪ বছর বয়সী মাহাথির মোহাম্মদ বলেছেন, প্রধানমন্ত্রী হওয়ার মতো সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন নেই, এমন একজনকেই সেই পদে দেখতে হচ্ছে। মুহিউদ্দিনের প্রতি সংখ্যাগরিষ্ঠ সাংসদের সমর্থন আছে কি না, তা দেখতে দ্রুত পার্লামেন্টের অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন দেশটির সাবেক এই প্রধানমন্ত্রী। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রী হওয়ার ‘চক্রান্ত করা’ মুহিউদ্দিন ‘বিশ্বাসঘাতকতা’ করেছেন।

৭২ বছর বয়সী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মুহিউদ্দিন মালয়েশিয়ার সাবেক শাসক দল ইউনাইটেড মালয়স ন্যাশনাল অর্গানাইজেশনের (ইউএমএনও) সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হলেন। ইসলামপন্থি দল পিএএসেরও তার প্রতি সমর্থন আছে। ২০১৮ সালের নির্বাচনে মাহাথির ও তার একসময়কার প্রতিদ্বন্দ্বী আনোয়ার ইব্রাহিম জোট বেঁধে কয়েক দশক ধরে মালয়েশিয়ার ক্ষমতায় থাকা ইউএমএনওকে হারিয়েছিলেন।