শ্রীলঙ্কায় হোয়াইটওয়াশ উইন্ডিজ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। এই জয়ে হোয়াইটওয়াশ হলো সফরকারী ক্যারিবীয়রা।

রবিবার পাল্লেকেলেতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল স্বাগতিক শ্রীলঙ্কা। ৫০ ওভারে সব কটি উইকেট হারিয়ে ৩০৭ রান তুলে দলটি। জবাবে ৯ উইকেটে ৩০১ রানে থেমেছে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস।

শেষ ওভারে ১৩ রান দরকার ছিল ক্যারিবীয়দের। রোমাঞ্চকর লড়াইয়ে দলটিকে আশা দেখাচ্ছিলেন ফাবিয়ান অ্যালেন। অ্যাঞ্জেলো ম্যাথুসকে প্রথম বলে ৪ ও হাঁকান। কিন্তু পরের বলে ছক্কা মারতে গিয়ে ধরা মেন্ডিসের হাতে। শেষ পর্যন্ত ম্যাথুসের ওভারে ৬ রানের বেশি নিতে পারেনি সফরকারীরা।

অ্যালেন ১৭ বলে ৩৭ রান করেন ২ চার ও ৩ ছক্কায়। সর্বোচ্চ ৭২ রান আসে শাই হোপের ব্যাট থেকে। এ ছাড়া সুনিল আমব্রিস ৬০, নিকোলস পুরান ৫০ ও অধিনায়ক কিয়েরন পোলার্ড ৪৯ রান করেন।

টপ অর্ডার সফল হলেও ক্যারিবীয় মিডল অর্ডার ছিল ব্যর্থ। যার মূল্য দিতে হয়েছে ম্যাচ হেরে। শ্রীলঙ্কার পক্ষে সর্বাধিক ৪ উইকেট নেন ম্যাথুস।

এর আগে ব্যাট হাতে শ্রীলঙ্কার পক্ষে ফিফটি তুলে নেন কুশল মেন্ডিস ও ধনঞ্জয়া ডি সিলভা। কুশল ৫৫ ও ধনঞ্জয়া ৫১ রান করেন। এ ছাড়া ৪৪ রান করে এসেছে অধিনায়ক দিমুথ করুনারত্নে ও কুশল পেরেরার ব্যাট থেকে।

ক্যারিবীয়দের পক্ষে আলজারি জোসেফ সর্বাধিক ৪ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথুস।

৪ ও ৬ মার্চ দুটি টি-টোয়েন্টি খেলবে দুই দল।