প্রধানমন্ত্রীর বৈঠকের কারণে ঢাকায় কর্মসূচি একদিন পেছাল বিএনপি

বিদ্যুৎ ও ওয়াসার পানির মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে বিএনপি দেশের সব জেলা সদর ও মহানগরে সোমবার মানববন্ধন কর্মসূচি পালন করবে। তবে দলটি ঢাকায় এই কর্মসূচি পালন করবে মঙ্গলবার।

রবিবার বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১১টায় শুরু হয়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।

জানা গেছে, সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্ত্রিসভার নিয়মিত বৈঠক থাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ বিএনপিকে মানববন্ধন কর্মসূচি একদিন পিছিয়ে দিতে বলেছে। এ কারণে সারা দেশে সোমবার কর্মসূচি পালন করলেও ঢাকায় মানববন্ধন হবে মঙ্গলবার। 

এদিকে, হাইকোর্টে কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন আবেদন খারিজ করে দেওয়ার প্রতিবাদে রাজধানীর ঢাকার থানায় থানায় রবিবার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক আব্দুর রাজ্জাক এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মহানগর উত্তর বিএনপি রাজধানীর রামপুরা, শাহ আলী, মোহাম্মাদপুর, মিরপুর, পল্লবী, কাফরুল, খিলক্ষেত, উত্তরা, তুরাগ, দক্ষিণখান থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, মহানগর দক্ষিণ বিএনপি ওয়ারী, সূত্রাপুর, কদমতলী, কামরাঙ্গীরচর, ডেমরা, যাত্রাবাড়ী থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।