মুজিববর্ষ

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনে বছরব্যাপী অনুষ্ঠান শুরু

মুজিববর্ষ উপলক্ষে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতাস্থ বাংলাদেশের উপ-হাইকমিশন বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। গতকাল রবিবার উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করে।

উপ-হাইকমিশনার তৌফিক হাসানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন, তার সহধর্মিণী ইসমাত জেরিন, দূতাবাস প্রধান বিএম জামাল হোসেন ও তার সহধর্মিণী আবিদা সুলতানা, কাউন্সিলর বশির উদ্দীন, কাউন্সিলর (ক্রীড়া ও শিক্ষা) শেখ সফিউল ইমাম, ফার্স্ট সেক্রেটারি (প্রেস) মোফাকখারুল ইকবাল ও তার সহধর্মিণী তাসমিমা বেগম, ফার্স্ট সেক্রেটারি শামীমা ইয়াসমিন স্মৃতি ও সেকেন্ড সচিব (কনসুলার) শেখ শাফিনুল হক।

এর আগে গত শুক্রবার উপ-হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে কর্মসূচির বিষয়ে অবহিত করা হয়। এতে বলা হয়, আগামী ১৭ মার্চ থেকে যথাযোগ্য মর্যাদায় আনুষ্ঠানিকভাবে শুরু হবে বছরব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর নানা অনুষ্ঠান। মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে কলকাতার ঐতিহ্যবাহী রবীন্দ্র সদনে। এর আগে বঙ্গবন্ধুর পাঠ্যকালের স্মৃতিবিজড়িত বেকার হোস্টেলের ২৪ নম্বর কক্ষে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হবে। ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন কলকাতার এই মিশনটির গুরুত্ব ছিল ঐতিহাসিক ও তাৎপর্যপূর্ণ। এখান থেকেই বাংলাদেশের প্রথম সরকার পরিচালিত হয়।