ঢাকার একটি হোটেলে ‘যৌনসেবার কারবার’ চালানোর অভিযোগে গ্রেপ্তার যুব মহিলা লীগের বহিষ্কৃত নেতা শামিমা নূর পাপিয়ার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে কর্মকর্তা নিয়োগ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযোগ অনুসন্ধানের দায়িত্ব পেয়েছেন কমিশনের উপপরিচালক শাহীন আরা মমতাজ। গতকাল রবিবার কমিশনের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ অনুবিভাগের উপপরিচালক মির্জা জাহিদুল আলম স্বাক্ষরিত চিঠিতে তাকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়। একই সঙ্গে কমিশন তাকে ১৮ পাতার অভিযোগ দেয়।
পাপিয়ার বিরুদ্ধে দুদকের অভিযোগ অনুসন্ধানের সংক্ষিপ্ত বিবরণীতে বলা হয়, ‘শামিমা নূর পাপিয়া ও তার স্বামী মফিজুর রহমান ওরফে সুমন চৌধুরী, ১০৭, পশ্চিম ব্রাহ্মণদী, নরসিংদী পৌরসভা, নরসিংদীর বিরুদ্ধে মাদক ব্যবসা, জাল টাকার ব্যবসা, বিভিন্ন অনৈতিক কার্যকলাপের মাধ্যমে কোটি কোটি টাকা আয় করে বিদেশে পাচারসহ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ।’ পাপিয়ার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের তদারকি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে কমিশনের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে।