করোনাভাইরাসে (কভিড-১৯) সারা বিশ্বে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৪৩ জনে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন (এনএইচসি) জানিয়েছে, রবিবার দেশটিতে এই ভাইরাসে আরও ৪২ জনের মৃত্যু হয়েছে।
সিএনএন জানায়, এ নিয়ে চীনে মৃতের সংখ্যা ২ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। চীনের বাইরে মারা গেছে ১২৯ জন।
ইরানে ৫৪ জন, ইতালিতে ৩৪ জন, দক্ষিণ কোরিয়ায় ২০ জন, জাপানে ১২ জন, হংকং এবং ফ্রান্সে দুজন করে মারা গেছেন।
এনএইচসি জানায়, চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ২৬ জনে দাঁড়িয়েছে। এতে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৪৪৩ জনে।
চীন কর্তৃপক্ষ আরও জানিয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ৪৪ হাজার ৪৬২ জন সেরে উঠেছেন এবং তারা হাসপাতাল ছেড়েছেন।
আলজাজিরা জানিয়েছে, প্রাণঘাতী এই ভাইরাসে দক্ষিণ কোরিয়ায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪৭৬ জন। আর মারা গেছেন আরও চারজন।
এছাড়া যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে করোনাভাইরাসে দ্বিতীয় ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃত ওই ব্যক্তির বয়স ৭০ বছর বলে স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছে রয়টার্স।
গত ১০ দিনে নতুন করে ৩৭টি দেশে প্রাণঘাতী এই ভাইরাস ছড়িয়ে পড়েছে।