টেকনাফে বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ ( বিজিবি) সদস্যদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় ৩ জন বিজিবি জওয়ান আহত হয়েছে বলে দাবি করছে বিজিবি।

সোমবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফ উপজেলার জাদিমোরা নাফনদী পয়েন্টে এই ঘটনা ঘটে।

এ সময় ঘটনাস্থল থেকে এক লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে।

টেকনাফ ২নং বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের নয়াপাড়া বিওপির বিশেষ একটি টহল দল মাদকের চালান আসার সংবাদ পেয়ে জাদিমোরা খাল সংলগ্ন পয়েন্টে অবস্থান নেয়। কিছুক্ষণ পর মাদকের একটি চালান নিয়ে নৌকাযোগে ২/৩জন জন ব্যক্তি কিনারায় উঠে পালিয়ে যাওয়ার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করে। মাদক কারবারিরা বিজিবি জওয়ানদের লক্ষ্য করে গুলিবর্ষণ করেন।

আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি করে। এ সময় বিজিবির ৩ জন জওয়ান আহত হয়। পরে ঘটনাস্থল তল্লাশি করে দেড় লাখ ইয়াবা, একটি দেশীয় অস্ত্র ও ২ রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

বিজিবির অধিনায়ক জানান, আহত বিজিবি জওয়ানদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও গুলিবিদ্ধ অজ্ঞাত মাদক কারবারিকে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে মামলার প্রস্তুতি নিচ্ছে বিজিবি।