ইরানে করোনাভাইরাসে মারা গেছেন দেশটির প্রধান নেতা আলী খামেনির উপদেষ্টামণ্ডলীর এক সদস্য।
দেশটির রাষ্ট্রীয় রেডিও চ্যানেল এ খবর দিয়েছে সংবাদ সংস্থা এপি।
আলী খামেনির উপদেষ্টাদের নিয়ে গঠিত কাউন্সিল কমিটির এই সদস্যের নাম মোহাম্মদ মীর মোহাম্মদী। তেহরান হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।
এর আগে দেশটির স্বাস্থ্য উপমন্ত্রী ইরাজ হারিরসি করোনাভাইরাসে আক্রান্তের খবর জানিয়েছিল আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো
এদিকে ইরানে করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ জনে। আক্রান্তের সংখ্যা ৯৭৮ জন। তবে দেশটিতে ভাইরাসটিতে আরও বহু মানুষ মারা গেছে বলে অসমর্থিত সূত্রে জানা যাচ্ছে।
যদিও এখনো পর্যন্ত ইরান সরকার করোনা অধ্যুষিত অঞ্চলগুলোকে বাকি দেশ থেকে আলাদা করেনি। দেশের ভেতর যাতায়াতে কিছু নিষেধাজ্ঞা জারি করলেও সার্বিকভাবে করোনাভাইরাস রোধে যতটা সতর্ক হওয়া উচিত, ইরান ততটা সতর্কতা নিচ্ছে না বলেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার অভিমত। যার জেরে বহু দেশ ইরানের সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখছে।
তুরস্ক, আফগানিস্তানের পরে কাজাখস্তানও ঘোষণা করেছে ইরানের নাগরিকদের আপাতত দেশে ঢুকতে দেওয়া হবে না। ইরানের সঙ্গে বিমান যোগাযোগও কার্যত বন্ধ করে দিয়েছে কাজাখস্তান। যাত্রীবাহী বিমান চলাচল সীমিত করে নিউজিল্যান্ড।
এর আগে ইরানের সঙ্গে নিজেদের সীমান্ত বন্ধ করে দিয়েছে ইরাক, পাকিস্তান, আর্মেনিয়া, তুরস্ক। আফগানিস্তান আকাশ ও সড়ক যোগাযোগ বন্ধ করে দিয়েছে দেশটির সঙ্গে।