দিনাজপুরে কিবরিয়ার খুনিদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ

দিনাজপুরের বিরল উপজেলার রানীপুকুর ইউনিয়নের হালজায় গ্রামের গোলাম কিবরিয়ার (৩৭) হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন।

সোমবার দুপুর ১২টার দিকে নিহত কিবরিয়ার পরিবারসহ এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করেন। পরে তারা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন করেন।

মানববন্ধনে নিহত গোলাম কিবরিয়ার বড় ভাই কামরুজ্জামান বলেন, ‘গত ২৩ ফেব্রম্নয়ারি রাত সাড়ে ৮টায় গোলাম কিবরিয়া ও তার বন্ধু দুলাল হোসেন বাড়ি ফেরার পথে হাড়িপুকুর এলাকায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এতদিন পেরিয়ে গেলেও মূল হত্যাকারীদের আটক করে হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

মানববন্ধন শেষে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

বিরল থানার ওসি নাসিম হাবিব বলেন, ‘আমরা ইতিমধ্যে দুজনকে আটক করেছি। বাকিদের ধরতেও তৎপরতা চলছে। খুব শিগগিরই হয়তো বাকি আসামিরা গ্রেপ্তার হবে।’