মুজিব বর্ষে যোগ দিতে আসা অটোমোবাইল অ্যাসোসিয়েশন অব স্টান ইন্ডিয়া নামের একটি প্রতিনিধি দলকে আটকে দিল বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ।
জানা গেছে, ভারতের পশ্চিম বাংলা সরকারের সংসদ সাবেক সড়কমন্ত্রী মদন মিত্রের নেতৃত্বে ৭১ সদস্যের একটি প্রতিনিধি দল রবিবার বিকালে ভারতের প্রেটাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের কাজ শেষে করে বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।
প্রতিনিধি দলের প্রায় পঞ্চাশজনের পার্সপোটের আগমনী সিল মারা হয়ে যায়। পরে চেকপোস্ট ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানতে পারে প্রতিনিধি দলের সঙ্গে গাড়ি রয়েছে। কিন্তু গাড়ির কোনো অনুমোদন নেই। এসময় প্রতিনিধি দলকে জানিয়ে দেওয়া হয়, অনুমোদনহীন গাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশ করা যাবে না।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রতিনিধি দলটি বাংলাদেশে প্রবেশ করতে দেওয়া হয়নি। প্রতিনিধি দলটি নোম্যান্সল্যান্ড এলাকায় অবস্থান করছিল।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আহসান হাবিব জানান, গাড়ি নিয়ে বাংলাদেশে প্রবেশের অনুমতি না থাকায় প্রতিনিধিকে ভারতে ফিরে যেতে হবে।