স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে স্বামীর আত্মসমর্পণ

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জের ধরে স্ত্রী শামসুন্নাহারকে (২২) শ্বাসরোধ করে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছে স্বামী জলিল হোসেন (৩০)।

সোমবার দুপুরে মামলা করে তাকে আদালতে পাঠানো হয়েছে। গত রবিবার গভির রাতে আশুলিয়ার নরসিংপুর ইটখোলা এলাকায় ওই গৃহবধূর ভাড়া বাসায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শামসুন্নাহার জামালপুর জেলার মেলান্দহ থানার চরভদ্রাসন গ্রামের আবদুস সালামের মেয়ে। তিনি স্বামী গার্মেন্টশ্রমিক জলিল হোসেনের সঙ্গে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ভাড়া বাসায় থাকতেন। গ্রেপ্তার জলিল হোসেন জামালপুর জেলার মেলান্দহ থানার বাঘাডোবা গ্রামের শাহজাহান হোসেনের ছেলে।

নিহতের চাচা মোহাম্মদ লুৎফর জানান, গত চার দিন আগেও শামসুন্নাহারের সঙ্গে স্বামীর পারিবারিক কলহ হয়। এ ঘটনার পর রবিবার মধ্যরাতে জলিল তার শ্বশুরবাড়িতে ফোন করে তার স্ত্রী মারা গেছে বলে জানায়। পরে সে আশুলিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করে।

স্বজনদের বরাত দিয়ে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. মিরাজ হোসেন জানান, প্রায় দুই-তিন বছর আগে শামসুন্নাহারের সঙ্গে জলিল হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয়। এরপর থেকেই যৌতুকের জন্য তাদের মধ্যে পারিবারিক কলহ লেগে থাকত। এছাড়া যৌতুকের জন্য জলিল মাঝেমধ্যেই শামসুন্নাহারকে শারীরিকভাবে নির্যাতন করত।

সর্বশেষ রবিবার মধ্যরাতে শামসুন্নাহার মারা গেছে বলে বাড়িতে ফোন করে জানায় তার স্বামী এবং নিজে আশুলিয়া থানায় এসে হত্যার কথা স্বীকার করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে। স্বজনদের দাবি নিহত শামসুন্নাহার তিন মাসের অন্তঃসত্ত্বা ছিল। এ ঘটনায় হত্যা মামলার পর আসামি জলিলকে আদালতে পাঠানো হয়।