টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ছেড়ে দেবেন মোদি

টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব ছেড়ে দেওয়ার ঘোষণা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সোমবার নিজের টুইটারে এই ঘোষণা দেন তিনি। টুইট করে তিনি জানান, এক সপ্তাহের মধ্যে তিনি টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম ও ইউটিউব ছেড়ে দেবেন। যদিও ঠিক কী কারণে মোদি সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দিচ্ছেন সে বিষয়ে কোনো কিছুই বলেননি।

বিশ্ব নেতাদের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক জনপ্রিয় নরেন্দ্র মোদি। টুইটারে মোদির ফলোয়ার ৫ কোটি ৩ লাখ, ফেসবুকে ৪ কোটি ৪০ লাখ, ইনস্টাগ্রামে ৩ কোটি ৫২ লাখ এবং ইউটিউবে সাড়ে ৪০ লাখ। ২০১৪ সালে প্রথমবার ভারতের প্রধানমন্ত্রী নির্বাচিত হন মোদি। পাঁচ বছর ক্ষমতায় থেকে মাত্র একবার সংবাদ সম্মেলন করার রেকর্ড আছে তার। কিন্তু বরাবরই সামাজিক যোগাযোগমাধ্যমে সচল থেকেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালে মোদি টুইটার ও ফেসবুকে যুক্ত হন। এরপর থেকেই তিনি খুবই সক্রিয় ছিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।