রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়াঘাট এলাকায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নবনির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের গণসংবর্ধনা আজ মঙ্গলবার। কামরাঙ্গীরচরের বড়গ্রাম কুড়াঘাটস্থ হাসপাতাল মাঠে থানা আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে বেলা ৩টায় এই গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানের সমন্বয়ক ডিএসসিসির ৫৬ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর মোহাম্মদ হোসেন দেশ রূপান্তরকে বলেন, অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আলহাজ আবু আহম্মেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক আলহাজ মো. হুমায়ুন কবির।
কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আবুল হোসেন সরকারের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডিএসসিসির ৫৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. নূরে আলম, ৫৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হোসেন, ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মো. সাইদুল ইসলাম মাদবর এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের ১৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেফালী আক্তার। অনুষ্ঠানে কামরাঙ্গীরচরের সর্বস্তরের জনগণ অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।