বাগেরহাটে এক যুগ আগে পঞ্চম শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় দম্পতিসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করে।
মঙ্গলবার বিকেলে বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এস এম সাইফুল ইসলাম এই কারাদণ্ডাদেশ ঘোষণা করেন। আসামিদের উপস্থিতিতে আদালতের বিচারক ওই রায় ঘোষণা করেন।
তারা হলেন, বাগেরহাটের কচুয়া উপজেলার উদানখালী গ্রামের আজিবর রহমান (৫০) ও তার স্ত্রী জাহানারা বেগম (৪৩) এবং সদর উপজেলার বাদোখালী গ্রামের ইউসুফ আলী (৫২)।
মামলার নথির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান খান সাংবাদিকদের বলেন, ২০০৭ সালের ৭ জুলাই কচুয়া উপজেলার উদানখালী গ্রামে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ভাত খাওয়ানোর কথা বলে প্রতিবেশী আজিবর রহমান তার বাড়িতে ডেকে নেয়। আজিবরের স্ত্রী জাহানারা বেগম মেয়েটিকে তার ঘরে নিয়ে জোরে গান বাজিয়ে দেয়। এ সময় ঘরে থাকা জাহানারার স্বামী আজিবর ও ইউসুফ পালাক্রমে শিশুটিকে ধর্ষণ করে। পরে আজিবরের বাড়ি থেকে বেরিয়ে মেয়েটি তার মাকে ঘটনা খুলে বলে। মেয়েটির মামা বাদী হয়ে কচুয়া থানায় তিনজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। কচুয়া থানার তৎকালীন ওসি মামলার তদন্ত কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক ধর্ষণের ঘটনার সত্যতা পেয়ে ২০০৭ সালের ২৭ নভেম্বর নারীসহ তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালতের বিচারক দশজনের সাক্ষ্যগ্রহণ শেষে ওই রায় ঘোষণা করেন।