ক্রীড়া ডেস্ক ইউরো ২০২০ শুরু হতে বাকি আর ৯৯ দিন। ইউরো চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলো এবার হবে মোট ১২ দেশের ১২টি শহরে। যার শুরু ১২ জুন রোমে। এই আসরে বড় হুমকি হতে পারে করোনাভাইরাস। উয়েফার নির্বাহী কমিটি আমস্টারডামে বৈঠকে বসেছিল। যে বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল ইউরো প্রস্তুতি এবং করোনাভাইরাস পরিস্থিতি। বৈঠকে জানানো হয় সব ভেন্যু এবং পরিবহন সুবিধা প্রস্তুত আছে। নিরাপত্তা নিয়েও কোনো শংকা নেই। একমাত্র করোনাভাইরাসই এখন উদ্বেগের মূল বিষয়। যার প্রভাব পড়তে পারে পুরো আসরে। ইতালিয়ান লিগে কিছু ম্যাচ পিছিয়ে নেওয়া হয়েছে। সোমবার পর্যন্ত সেখানে মারা গেছে ৫২ জন। সুইজারল্যান্ডের লিগ পেছানো হয়েছে ২৪ মার্চ পর্যন্ত। ইউরোতে যেন করোনার প্রভাব না পড়ে তা নিশ্চিত করতে চায় উয়েফা। এই আসর থেকে উয়েফার প্রায় ২ বিলিয়ন ডলার আয় হওয়ার কথা। কিছুদিন আগে ফিফা প্রেসিডেন্ট বলেছেন, ‘ফুটবল ম্যাচের চেয়ে মানুষের স্বাস্থ্য বেশি গুরুত্বপূর্ণ।’ বৈঠকের পর উয়েফার ম্যানেজিং ডিরেক্টর ফিল টাউনসেন্ড বলেন, ‘করোনা নিয়ে খুব বেশি আলোচনা হয়নি। কেননা এ ব্যাপারে আমাদের বেশি কিছু করার নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। পরিস্থিতি বুঝে আমরা এটা মোকাবিলা করব। এই মুহূর্তের জন্য পরিকল্পিত সময়সূচিতে কোনো পরিবর্তন করার দরকার নেই।’