বাঁধের কাজে অনিয়মের প্রতিবাদে কৃষকদের অনশন

সুনামগঞ্জ দোয়ারাবাজার উপজেলার নান্দাই হাওরে ১৩টি প্রকল্পের বাঁধের কাজে নানা অনিয়ম ও সময়মতো কাজ শেষ না হওয়া এবং প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো ফল না পাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জ শহীদ মিনারে গতকাল মঙ্গলবার অনশন করেন চার কৃষক।

বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দোয়ারাবাজার উপজেলার চার কৃষক সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে অনশনে বসেন। তারা হলেন দোয়ারাবাজার উপজেলার মাঝেরগাঁও গ্রামের আ. নুর (৭০), আ. জলিল (৬৫), আ. রউফ (৫৫) এবং বড়বন গ্রামের আ. জলিল (৬০)। এ সময় কৃষকদের সঙ্গে যোগ দেন হাওর বাঁচাও আন্দোলন ও জেলা ছাত্র ইউনিয়নের নেতারা। দোয়ারাবাজার পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. শমসের আলী জানান, উপজেলার এ হাওরে ১৭টি প্রকল্প আছে, সবগুলোর কাজ প্রায় শেষ। এখানে বাঁধ নির্মাণে কোনো অনিয়ম হয়নি।