স্বামীর বিরুদ্ধে মামলা করে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিউলি

স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে এখন প্রাণভয়ে পালিয়ে বেড়াচ্ছেন শিউলি খাতুন। অভিযোগ পাওয়া গেছে, স্বামী মোস্তাক আহমেদ ও তার ভাইয়েরা মিলে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছেন শিউলির মা-বাবাকে। শিউলি ঢাকার হাতিরঝিল থানায় মামলাটি করে ভয়ে গ্রামের বাড়ি যশোর সদরের কিসমতপুরে চলে যান। সেখানে গিয়েও মোস্তাকের ভাই আব্দুর রাজ্জাক ও সাজ্জাদ হোসেন মামলা না তুললে মেরে ফেলার হুমকি দিয়ে এসেছেন। একই সঙ্গে শিউলির পেছনে মাস্তান লেলিয়ে দেয় তারা। এ পরিস্থিতিতে আত্মগোপনে রয়েছেন শিউলি, তার বাবা শামসুর রহমান ও মা আমেনা খাতুনসহ পরিবারের সদস্যরা।

শিউলি খাতুন অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই সরকারি চাকরি অথবা মোটা অঙ্কের নগদ টাকা যৌতুক দাবি করে আসছিল স্বামী মোস্তাক। বাবা ও ভাইদের কাছ থেকে কয়েক দফায় টাকাও এনে দেন তিনি। এরপরও থামেনি নির্যাতন। বাধ্য হয়ে গত বছর রাজধানীর হাতিরঝিল থানায় মামলা করেন। মামলাটি আদালতে বিচারাধীন। মামলা করার পর আসামিদের হুমকির কারণে কোলের সন্তানকে নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন তিনি। তার বাবাকে আটকে রেখে সাদা স্ট্যাম্পে সই নিয়েছে মোস্তাকের ভাই রাজ্জাক ও সাজ্জাদ। শিউলির সোনার গহনাগুলোও কেড়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তার স্বামী। মোস্তাক ও তার সহযোগীদের ভয়ে তারা গ্রামেও থাকতে পারছেন না। শিউলির ভগ্নিপতি আব্দুল আলীমের নামেও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। চাকরিচ্যুত করার ভয়ভীতি দেখাচ্ছে। এ কারণে তিনি যশোরের কোতোয়ালি খানায় জিডি করেছেন। শিউলির অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে মোস্তাক আহমেদের মোবাইল ফোনে কল করলেও তিনি রিসিভ করেননি। পরে ফোন বন্ধ করে দেন।