ক্যাসিনো সংশ্লিষ্টতার অভিযোগ

পিল গ্রুপের চেয়ারম্যান-এমডিকে দুদকে তলব

ক্যাসিনোকাণ্ডে গ্রেপ্তার কথিত যুবলীগ নেতা গোলাম কিবরিয়া (জিকে) শামীমের সঙ্গে সংশ্লিষ্টতার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের অংশ হিসেবে পিল গ্রুপের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ (পিন্টু) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রিসাল মাহমুদকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত আলাদা চিঠিতে তাদের তলব করা হয়। দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য জানান, তাদের ১০ মার্চ সকালে দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।

তলব নোটিসে বলা হয়েছে, ‘ঠিকাদার জি কে শামীমসহ বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে পরস্পর যোগসাজসে ঘুষ দেওয়া-নেওয়ার মাধ্যমে বড় বড় ঠিকাদারি কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের জন্য বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।’