মুজিববর্ষ উপলক্ষে বিভিন্ন সড়কের পাশের বাড়ি, স্থাপনার গেট ও বাউন্ডারি ওয়াল সংস্কার এবং রংকরণে গতকাল মঙ্গলবার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। পাশাপাশি বিভিন্ন বাড়ি-স্থাপনা মালিকদের এ বিষয়ক চিঠিও দিয়েছে ডিএসসিসি। ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বলেন, বিভিন্ন রাষ্ট্রীয় দিবস সামনে রেখে আমরা বাড়ি মালিকদের পরিষ্কতার ও পরিছন্ন রাখতে চিঠি দিয়ে থাকি। আবার ১৬ ডিসেম্বরেও বাসাবাড়ি ও স্থাপনা রং করতে বলা হয়ে থাকে। আমরা মুজিববর্ষ সামনে রেখে এ ধরনের উদ্যোগ নিয়েছি। আশা করছি নাগরিকরা এ আহ্বানে সাড়া দেবেন।’
গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বসবাসকারী সম্মানিত নগরবাসীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আগামী ১৭ মার্চ ২০২০ থেকে ১৭ মার্চ ২০২১ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী-মুজিববর্ষ উদযাপন করা হবে। জাতির পিতার জন্মশতবার্ষিকীতে অংশগ্রহণের জন্য বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং গণ্যমান্য-বরেণ্য ব্যক্তিবর্গ দেশে আগমন ও ঢাকায় অবস্থান করবেন। মুজিববর্ষ উপলক্ষে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তথা ঢাকা মহানগরীর ইতিহাস ও ঐতিহ্য দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার লক্ষ্যে রাষ্ট্রের উচ্চ পর্যায়ের নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্র্তৃক বিভিন্ন অনুষ্ঠান-কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। শহরকে দৃষ্টিনন্দন করতে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কসমূহ দৃষ্টিনন্দন করে সজ্জিত ও আলোকসজ্জা করা হচ্ছে।