গ্রাহকদের কোটি টাকা আত্মসাৎ মামলা

সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপক কারাগারে

গ্রাহকদের ১ কোটি ১ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাগেরহাটে সোনালী ব্যাংকের প্রধান শাখার সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমানকে (৫৮) কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে বাগেরহাট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক গাজী রহমান তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শেখ মুজিবর রহমান জেলার রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের চাকশ্রী গ্রামের প্রয়াত শেখ হাসান আলীর ছেলে।

মামলার বিষয়ে জানতে চাইলে দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের (বাগেরহাট-খুলনা-সাতক্ষীরা) আইনজীবী মিলন কুমার ব্যানার্জী জানান, ২০১২ সাল থেকে ১৫ সাল পর্যন্ত বাগেরহাট সোনালী ব্যাংকের প্রধান শাখার ব্যবস্থাপকের দায়িত্বে থাকা অবস্থায় শেখ মুজিবর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবু যোগসাজশে ওই ব্যাংকের সাধারণ গ্রাহকদের রাখা ১ কোটি ১ লাখ ৪৫ হাজার ৬৭৯ টাকা আত্মসাৎ করেন। দুদক তদন্তে নেমে প্রাথমিক অনুসন্ধানে তাদের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগের সত্যতা পায়। এই ঘটনায় ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর দুদকের জেলা সমন্বিত কার্যালয়ের উপপরিচালক মো. নাজমুল হাসান বাদী হয়ে ব্যাংক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান ও জ্যেষ্ঠ কর্মকর্তা শেখ মাহফিজুর রহমান বাবুর বিরুদ্ধে ১৯৪৭ সালের ২ নং দুর্নীতি প্রতিরোধ আইনের ৫ (২) ধারায় মামলা করেন। এই মামলার প্রধান আসামি সাবেক ব্যবস্থাপক শেখ মুজিবর রহমান উচ্চ আদালতের জামিনে ছিলেন। গতকাল দুপুরে তিনি আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্য আসামি শেখ মাহফিজুর রহমান বাবু (৩৭) বর্তমানে কারাগারে রয়েছেন।