গাজীপুর নগরীর আধুনিকায়ন ও উন্নয়নে একটি মাস্টারপ্ল্যান করা হয়েছে এবং তা গণশুনানির মাধ্যমে চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। তিনি বলেছেন, ‘জন্মের পর মৃত্যু পর্যন্ত যেখানে যা নির্মাণ করা প্রয়োজন, সেখানে তাই নির্মাণ করা হবে। কোন স্থাপনা কোথায় নির্মিত হবে তার উল্লেখ থাকবে মাস্টারপ্ল্যানে।’ গতকাল মঙ্গলবার সালনা নাসির উদ্দিন হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানে এসব কথা বলেন মেয়র জাহাঙ্গীর।
তিনি এলাকাবাসীর বিভিন্ন প্রশ্নের উত্তরে বলেন, ‘দেশের অন্যান্য নগরীর চেয়ে গাজীপুর নগরীতে হোল্ডিং ট্যাক্স সবচেয়ে কম ধার্য করা হয়েছে। আর সিটির অবকাঠামো নির্মাণ করতে গিয়ে কেউ ক্ষতিগ্রস্ত হলে তার ট্যাক্স মওকুফ করে দেওয়া হবে। গাজীপুরের কাউলতিয়া ও আশপাশের ওয়ার্ডে জাইকার সহায়তায় ৫টি স্কুল স্থাপন করা হবে।’
গাজীপুর প্রতিনিধি