রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় সাগর-রুনি হত্যা মামলা কার্যতালিকা থেকে বাদ

সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যার আলোচিত মামলার অগ্রগতি প্রতিবেদন নিয়ে কোনো আদেশ দেয়নি হাইকোর্ট।

একই সঙ্গে রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় বুধবার মামলাটি কার্যতালিকা থেকে বাদ দেয় বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন বেঞ্চ।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এ বিষয়ে শুনানি নিতে এই বেঞ্চের এখতিয়ার রয়েছে কিনা- এমন প্রশ্ন তুললে আদালত আদেশ না দিয়ে বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেয়।

হাইকোর্টের আদেশের পরিপ্রেক্ষিতে গত সোমবার এ মামলা তদন্তের সর্বশেষ অবস্থা প্রতিবেদন আকারে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দেয় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব। আজ এ বিষয়ে শুনানির জন্য ধার্য ছিল।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার বিষয়টি শুনানি করতে এই বেঞ্চের এখতিয়ার আছে কিনা সে প্রশ্ন তোলেন।

জবাবে আদালত বলেন, শুনানির এখতিয়ার থাকলেও রাষ্ট্রপক্ষ প্রশ্ন তোলায় বিষয়টি কার্যতালিকা থেকে বাদ দেওয়া হলো।

এ মামলা সন্দেহভাজন আসামি তানভীর আহমেদকে গত বছরের ১৪ নভেম্বর হাইকোর্ট এক আদেশে আদালতে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়। পাশাপাশি মামলার সর্বশেষ অবস্থা প্রতিবেদন আকারে জমার দেওয়ার নির্দেশ দিয়েছিল।