নতুন করোনাভাইরাসের আতঙ্কে সব স্কুল ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে ইতালি সরকার। এই সংক্রান্ত নির্দেশনা দ্রুত দেশটির সব এলাকায় ছড়িয়ে দেয়া হবে।
ডেইলি মেইল অনলাইন জানায়, করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বুধবার কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে ইতালি সরকার। মার্চের মাঝামাঝি পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে দেশটির সব স্কুল ও বিশ্ববিদ্যালয়।
নাগরিকদের চুম্বন থেকে বিরত থাকার বিষয়টিও গৃহীত নতুন সিদ্ধান্তে থাকছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বৃহস্পতিবারের মধ্যে করোনা সংক্রান্ত দিক নির্দেশনাটি পুরো দেশে ছড়িয়ে দেয়া হবে। চলাফেরায় সব সময় একজন থেকে আরেকজনের মধ্যে তিন ফিট দূরত্ব রাখার পরামর্শ দেয়া হয়েছে, শুধু বাইরে নয় ঘরের ভেতরেও।
নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) চীনের বাইরে এতদিন দক্ষিণ কোরিয়ার অবস্থা ছিল সবচেয়ে খারাপ। হঠাৎ ইতালিতে মহামারি আকার ধারণ করে ভাইরাসটি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা মঙ্গলবার সর্বশেষ তথ্যে জানায়, গত ২৪ ঘণ্টায় ২৭ জন মারা গেছেন। সব মিলিয়ে এখন পর্যন্ত সে দেশে মৃত্যু হয়েছে ৭৯ জনের।
ইতালিতে মোট আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫০২ জন। সেরে উঠেছেন ১৬০ জন।
করোনাভাইরাসে মঙ্গলবার নাগাদ সারা বিশ্বে ৩ হাজার ২০০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৯২ হাজার ৮৬২ জন। চীনে মারা গেছে ২ হাজার ৯৮১ জন। দেশটিতে আক্রান্ত হয়েছে ৮০ হাজার ২৭০ জন। গত ডিসেম্বরে দেশটির যে হুবেই প্রদেশ থেকে ভাইরাসটি ছড়িয়েছে সেখানেই মারা গেছেন ২ হাজার ৮৭১ জন।
দক্ষিণ কোরিয়া, ইতালির পর ইরানের অবস্থাও খারাপের দিকে যাচ্ছে। সেখানে ৭৭ জন মারা গেছেন। আক্রান্ত হয়েছেন ২ হাজার ৩৩৬ জন।