করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ইরানের শিল্প, খনি ও বানিজ্যমন্ত্রী রেজা রাহমানি। বুধবার ইরানি সংবাদমাধ্যম সূত্রে এই খবর জানায় আনাদলু।
রাহমানির শরীরে কভিড-১৯ করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। তাকে তেহরানের ইমাম খোমেনি হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
দেশটির উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। সম্প্রতি দেশটির জরুরি চিকিৎসা সেবা বিভাগের প্রধান পিরহোসেইন কোলিভান্দ এবং নারী ও পরিবার দপ্তরের ভাইস প্রেসিডেন্ট মাসুমেহ এবতেকার আক্রান্ত হয়েছেন।
পার্লামেন্টের ২৯০ জনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করে ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে।
সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের এক সদস্য কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মারা গেছে বলে জানানো হয়।
রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, মোহাম্মদ মীর মোহাম্মদী নামে ৭১ বছর বয়সী ওই সদস্যের আয়াতুল্লাহ খামেনির সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
চীন থেকে ছড়িয়ে পড়া করোনা মহামারিতে বিশ্বজুড়ে আক্রান্ত হয়েছে ৯০ হাজারেরও বেশি মানুষ।
গত ডিসেম্বর থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর মারা গেছে তিন হাজারের অধিক মানুষ। যাদের মধ্যে বেশির ভাগ হচ্ছে চীনে।
এই সংক্রমণে ইরানে ২ সপ্তাহেরও কম সময়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নিশ্চিত আক্রান্তের সংখ্যা টানা দ্বিতীয় দিনের মতো ৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছ ২ হাজার ৩৩৬ জনে। যদিও প্রকৃত সংখ্যা আরও বেশি বলে ধারণা করা হচ্ছে।
ইরান থেকে সংক্রমণ ঘটেছে আফগানিস্তান, কানাডা, লেবানন, পাকিস্তান, কুয়েত, বাহরাইন, ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাতে, সৌদি আরবেও।
মঙ্গলবার নতুন করে করোনাভাইরাসে ৮৩৫ জন আক্রান্ত হওয়ার কথা জানিয়েছে ইরান।