ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) দলবদলের দ্বিতীয় দিন কেটেছে কাল। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিন ক্রিকেটার রেজিস্ট্রেশনের উত্তেজনা ছিল বেশ। এদিন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে দলবদল করেছেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক, সৌম্য সরকার, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলিরা। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম কার্যালয়ে প্রথম দিন নিরুত্তাপ থাকলেও সবচেয়ে বেশি ৫৪ জন ক্রিকেটার দলবদল করেছিলেন। দ্বিতীয় দিন নতুন ক্লাবের হয়ে রেজিস্ট্রেশন সারলেন ২০ জন। সিলেটে আজ শেষ দিন বাংলাদেশ জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার দলবদল করবেন। আজই ডিপিএল দলবদলের আসল উত্তাপ আসবে। যদিও কে কোন দলে খেলবেন সেটা আগে থেকেই জানা।
গতকাল তারকাদের মধ্যে সবার প্রথমে দলবদল করতে আসেন ইমরুল কায়েস। গত আসরে গাজী গ্রুপ ক্রিকেটার্সে খেলেছিলেন তিনি। এবার মাশরাফী-আশরাফুলদের সঙ্গে শেখ জামাল ধানম-ি ক্লাবে খেলবেন তিনি। দুপুরে দলবদল সারতে আসেন পেসার রুবেল হোসেন। আবাহনী লিমিটেড থেকে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে পাড়ি জমিয়েছেন তিনি। বিকেলে একসঙ্গে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে চুক্তি সারতে একসঙ্গে আসেন মুমিনুল হক, সৌম্য সরকার, আরিফুল হক, আকবর আলি, জাকির হাসান, ইয়াসির আলি চৌধুরী। মুমিনুল গতবার খেলেছিলেন লিজেন্ড অব রূপগঞ্জের হয়ে। সৌম্য খেলেছিলেন আবাহনীতে, আকবর আলি খেলেছিলেন বিকেএসপিতে, জাকির ও আরিফুল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে এবং ইয়াসির ব্রাদার্স ইউনিয়নে খেলেন। এবার তারা সবাই গাজী গ্রুপের ছাদতলায়। বিয়ে করার পর এই প্রথম ক্রিকেটপাড়ায় এলেন সৌম্য।