অসুস্থ মায়ের পাশে রোনালদো

মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ক্রিশ্চিয়ানো রোনালদোর মা। স্থানীয় সময় বিকেলে স্ট্রোক হয় তার। খবর পেয়ে বিন্দুমাত্র বিলম্ব করেননি রোনালদো। জুভেন্তাসের অনুশীলন সেশন বাদ দিয়ে ছুটে গেছেন মায়ের কাছে। ব্যক্তিগত জেট বিমানে করে ইতালি থেকে নিমেষেই পৌঁছে যান নিজের শহর পর্তুগালের মাদেইরাতে। মায়ের সঙ্গে সাক্ষাতের পর স্বস্তির খবর-ই দিয়েছেন পাঁচবারের বর্ষসেরা।

স্ট্রোকের পর রোনালদোর মাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কোনো বিপদ ঘটেনি। আপাতত তিনি পর্যবেক্ষণে আছেন এবং বিপদমুক্ত। ‘আমার মায়ের জন্য তোমাদের সবার বার্তা ও সমর্থনের জন্য ধন্যবাদ। তিনি এখন বিপদমুক্ত ও হাসপাতালের পর্যবেক্ষণে আছেন। আমি এবং আমার পরিবার চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানাই এবং সবার কাছ থেকে কিছুদিনের জন্য দূরে থাকতে চাই’ টুইটার হ্যান্ডলে লিখেছেন রোনালদো।

বুধবার রাতেই ইতালিয়ান কাপ সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলার কথা ছিল রোনালদোর। এসি মিলানের বিপক্ষে ওই লড়াই নিয়ে অবশ্য আর ভাবতে হচ্ছে না রোনালদোকে। কারণ করোনাভাইরাসের ভয়ে ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। কবে হবে সেটা এখনো ঠিক হয়নি। মিলানের মাঠে দু’দলের প্রথম লেগ ১-১ গোলে ড্র হয়েছিল।