সোনার দোকানে ঢুকে কর্মচারীকে কুপিয়ে জখম

 

রাজধানীর সবুজবাগ নন্দীপাড়ায় সোনার দোকানের টিনের চালা কেটে ভেতরে থাকা এক কর্মচারীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতের কোনো একসময়ে এই ঘটনা ঘটে। ওই দোকানের পাশের আরেকটি স্টেশনারি দোকানেও টিনের চালা কেটে ভেতরে হানা দেয় দুর্বৃত্তরা। তবে দুটি দোকান থেকে কোনো টাকা-পয়সা খোয়া যায়নি। আহত ওই কর্মচারীর নাম মো. মাসুদ (১৫)। তার বাড়ি ফেনী জেলার ছাগলনাইয়ায় উপজেলায়। তার বাবার নাম মঈন উদ্দিন। নন্দীপাড়া বাজার এলাকায় তার খালু মিলনের কাছে থাকত সে।

গতকাল বুধবার দুপুর ১২টার দিকে আহত মাসুদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মাসুদের খালু ও দোকান মালিক মো. মিলন জানান, নন্দীপাড়া গার্মেন্টস গলিতে মা জুয়েলার্স নামে তার ছোট একটি সোনার দোকান রয়েছে। আগে মাসুদ গ্রামেই থাকত। ৩-৪ মাস আগে সে তার বাসায় আসে এবং দোকানে কাজ করছে। রাতে দোকানে মাসুদ ঘুমিয়ে থাকত। বুধবার সকাল ৯টার দিকে দোকানে গিয়ে শাটার খুলে ভেতরে ঢুকে দেখি মাসুদ রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। তার মাথায়, কানে, ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।