চীনের বাইরে ৬০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে ভয়াবহ নতুন করোনাভাইরাস। মধ্যপ্রাচ্যের প্রায় সব দেশেই সংক্রমণ ঘটেছে ভাইরাসটির।
আলজাজিরা জানায়, ভাইরাসটির সংক্রমণের শুরু থেকেই সব ধরনের ভিড় ও জমায়েত এড়িয়ে চলার নির্দেশনা দেয়া হয়েছে। এতে সবচেয়ে বেশি বাধাগ্রস্ত হয়েছে মুসলিমদের ধর্মীয় কার্যক্রম।
ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। তখন থেকে মসজিদে গিয়ে নামাজ পড়তে বিরত থাকার নির্দেশনা দেয় চীনা কর্তৃপক্ষ।
করোনায় বিপর্যস্ত হয়ে পড়েছে ইরান। দেশটির উচ্চপদস্থ কর্মকর্তা, এমপি, মন্ত্রীদের অনেকেই আক্রান্ত। মারা গেছে শীর্ষ নেতা আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের একজন গুরুত্বপূর্ণ সদস্যও। ইরান থেকে ভাইরাসটি ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্য জুড়ে।
সৌদি আরবে বিদেশি নাগরিক ও স্থানীয় সব বাসিন্দা সবার জন্যই মক্কায় ওমরাহ হজ ও মদিনায় মসজিদে নববীতে পরিদর্শন বাতিল করা হয়েছে।
এ বছরের হজ অনুষ্ঠিত হতে পারে ২৮ জুলাই থেকে ২ আগস্টে। মুসলিমদের অন্যতম প্রধান ধর্মীয় এই কার্যক্রমে লাখ লাখ ধর্মপ্রিয় মানুষ মক্কায় সমবেত হন। তবে হজকে কেন্দ্র করে কর্তৃপক্ষ এখনো কোনো নির্দেশনা দেয়নি। ইতিমধ্যে ৬০ হাজারেরও বেশি মানুষ হজের জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছে।
এদিকে ইরানে সব প্রাদেশিক রাজধানীতে শুক্রবারের জুমার নামাজ স্থগিত করা হয়েছে। দেশটিতে মারা গেছে ৯২ জন, সংক্রমণ ঘটেছে ২৯২২ জনের দেহে।
ইরানের উচ্চপদস্থ অনেক কর্মকর্তাও ভাইরাস সংক্রমণের শিকার হয়েছেন। পার্লামেন্টের ২৯০ জনের মধ্যে করোনাভাইরাস পরীক্ষা করে ২৩ জন আক্রান্তের খবর পাওয়া গেছে। মারা গেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কাউন্সিলের এক সদস্য। এ ছাড়া আক্রান্ত হয়েছেন শিল্প, খনি ও বাণিজ্যমন্ত্রীও।
সিঙ্গাপুরে মসজিদে নামাজ পড়তে আসার সময় নিজস্ব জায়নামাজ নিয়ে আসার নির্দেশনা দেয়া হয়েছে। দেশটির মুসলিম বিষয়ক দায়িত্বে থাকা মন্ত্রী মাসাগোস জুলকিফলি বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া করমর্দন থেকেও বিরত থাকার পরামর্শ দেন তিনি।
তাজিকিস্তানে ঘরেই নামাজ পড়ার পরামর্শ দেয়া হয়েছে। সেখানেও শুক্রবারের জুমার নামাজ বাতিল করা হয়েছে। ৯০ লাখ মানুষের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটি প্রতিবেশী চীন আফগানিস্তানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দিয়েছে। পাশাপাশি দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালির সঙ্গে সব ধরনের যোগাযোগ সীমিত করা হয়েছে।
মার্চের ২১-২৫ তারিখে অনুষ্ঠিত হতে যাওয়া পার্সিয়ান নতুন বছরের উৎসব নওরোজ উদ্যাপনও বাতিল করতে যাচ্ছে তাজিকিস্তান।
এদিকে চীনে করোনাভাইরাসে নতুন করে মারা গেছে আরও ১৩৯ জন। বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৩২৮৫ জন। যাদের মধ্যে তিন সহস্রাধিকই চীনের বাসিন্দা। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৪০৯ জন আর গোটা বিশ্বে ৯৫ হাজার ৪১১ জন।
চীনের পর করোনাভাইরাসের সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ইতালিতে। দেশটিতে মৃতের সংখ্যা বেঁড়ে দাঁড়িয়েছে ১০৭ জনে। আক্রান্তের সংখ্যা ৩০৮৯ জন।