পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) রেজিস্ট্রারের স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া নিয়োগপত্রে চাকরি দেওয়ার নামে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগে সেকশন অফিসার কে এম শাহাদাত হোসেনকে বরখাস্ত করা হয়েছে।
বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত স্বাক্ষরিত এক আদেশে কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে এম শাহাদাত হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
চাকরিচ্যুত কে এম শাহাদাত হোসেন পবিপ্রবির কৃষি খামার বিভাগের মাস্টার রোল শ্রমিক পদে অন্তত ৭ জন চাকরি প্রত্যাশীকে ভুয়া নিয়োগপত্রে চাকরি দেওয়ার নাম করে লাখ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণা করেন।
প্রতারণার শিকার চাকরি প্রত্যাশী উম্মে কুলসুম ও বনি আমীন গত ফেব্রুয়ারি মাসে টাকা ফেরত ও প্রতারকের শাস্তি চেয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিখিত অভিযোগ দেন।
অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য কর্তৃপক্ষ বিগত ১৯ ফেব্রুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির তদন্ত প্রতিবেদনে জাল-জালিয়াতি বিভিন্ন লোকের কাছ থেকে চাকরি দেওয়ার নামে নগদ অর্থ আত্মসাৎ ও প্রতারণা প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় গত বছরের ১৮ আগস্ট এক আদেশে কেন্দ্রীয় গ্রন্থাগারের সেকশন অফিসার কে এম শাহাদাত হোসেনকে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী সাধারণ আচরণ ও শৃঙ্খলা বিধি ১(গ) এবং দণ্ডের ভিত্তি ২(খ) (ঙ) ও (চ) ধারার অপরাধে চাকরি থেকে সাময়িক বরখাস্ত, বিভাগীয় মামলা করে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।
বিভাগীয় মামলায় কেএম শাহাদাত হোসেনের দাখিলকৃত জবাব এবং তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদন পর্যালোচনায় অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রিজেন্ট বোর্ডের ৪৫তম সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে (কেএম শাহাদাত হোসেন) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।
পবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্ত অভিযুক্ত সেকশন অফিসার শাহাদাত হোসেন চাকরি থেকে বরখাস্তের সত্যতা নিশ্চিত করেছেন।