শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষকরা ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। অন্যদিকে ক্লাস পরীক্ষা চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ‘অ্যাকাডেমিক ভবনের’ সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে একাধিকবার আলোচনা হলেও সমাধানে যেতে পারেনি কোনোপক্ষ।
এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা দেশ রূপান্তরকে বলেন, গত বুধবার হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা বিভাগীয় নোটিস বোর্ডে টানিয়ে দেওয়া হয়। কিন্তু কী কারণে আমাদের ক্লাস পরীক্ষা বন্ধ করা হলো জানি না। আমরা একাধিকবার বিভাগের শিক্ষকদের কাছে জানতে চেয়েছি কেন বন্ধ করা হলো। তারা আমাদের এ ব্যাপারে কিছু না জানিয়ে বিভিন্নভাবে হেয়প্রতিপন্ন করছেন। যত দ্রুত সম্ভব আমরা ক্লাসে ফিরতে চাই।’
জানা যায়, ২৯ ফেব্রম্নয়ারি পদার্থবিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উৎসব পালনকালে বিভাগের এক শিক্ষার্থীকে হুমকি দেন ‘এমসি কলেজ’র এক শিক্ষক। এ সময় বিভাগের ছাত্রউপদেষ্টা ও বিভাগীয়প্রধান সেখানে উপস্থিত ছিলেন। তবে বহিরাগত শিক্ষককে বাধা প্রদান না করে দাঁড়িয়ে থাকেন বিভাগের শিক্ষকরা।
এতে গত ২ মার্চ শিক্ষার্থীরা বিভাগীয় প্রধানের কাছে ঘটনার জবাবদিহিতা ও বিভাগের ছাত্রউপদেষ্টার পদত্যাগসহ চার দফা দাবি পেশ করেন। দাবি জানানোর পরের দিন ভিকটিম ছাত্রসহ আরও কিছু শিক্ষার্থীকে বিভাগীয় প্রধানের রুমে ডাকা হয়। তখন বিভাগীয় প্রধানের রুমে শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে বাগ্বিতণ্ডা হয় । এর পরিপ্রেড়্গিতে ৪ মার্চ অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা বিভাগের নোটিস বোর্ডে টানিয়ে দেয় বিভাগ কর্তৃপক্ষ।
এ বিষয়ে বিভাগীয়প্রধান অধ্যাপক ড. শামসুন নাহার বেগম দেশ রূপান্তরকে বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা চলছে।’