ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার জনগণের সরকার নয় বলে যা ইচ্ছা তাই করতে পারছে–মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোশাররফ হোসেন বলেন, নিত্যপ্রয়োজনীয় সব দ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। বিদ্যুৎ, গ্যাসের দাম বাড়ানো হচ্ছে। জনগণ দুর্যোগের মধ্যে আছে। বর্তমান সরকার জনগণের সরকার নয় বলে যা ইচ্ছা তাই করতে পারছে।
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘আজ বাংলাদেশে যখন একটি ক্রািন্তকাল অতিক্রম করছে সেই সময়ে ইসলামী ঐক্যজোটের কাউন্সিল। আজ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র নেই–তার কারণ একজনের লোভ, একজনের লালসা চরিতার্থ করার জন্য সারা বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে হরণ করা হয়েছে। একজন মানুষের কাছে বাংলাদেশের ১৮ কোটি মানুষ বন্দি ও জিম্মি।’
মোশাররফ বলেন, ‘রাষ্ট্র পরিচালনার জন্য একটি সরকার গঠন করা দরকার হয়। সেই সরকার যদি জনগণের সমর্থিত সরকার না হয়, জনগণের পছন্দমতো না হয় তাহলে সেখানে প্রথম অনাচার ও অনৈতিক কাজ হয়।’
আওয়ামী লীগকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আজ যারা সরকারে তারা জঙ্গিবাদ করে। অথচ তারা বলে বিএনপি জঙ্গি সংগঠন। বিশ্বের অন্যান্য দেশে মুসলিমদের বিরুদ্ধে কুৎসা রটনা করে, জঙ্গি বলে ইসলাম দমনের চেষ্টা করছে। একই কায়দায় বাংলাদেশেও হচ্ছে।’
ইসলামী ঐক্যজোটের জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাওলানা আব্দুল করিম খানের সভাপতিত্বে এবং দলের সদস্য সচিব মাওলানা ইলিয়াস আতহারীর পরিচালনায় সর্বসম্মতিক্রমে ইসলামী ঐক্যজোটের জাতীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।