জুয়া অবৈধ ঘোষণার রায় বহাল, সরঞ্জাম জব্দের আদেশ স্থগিত

ঢাকা ও ঢাকার বাইরে ১৩ অভিজাত ক্লাবসহ সারা দেশে অর্থের বিনিময়ে হাউজি, ডাইস, চরচরির মতো অভ্যন্তরীণ খেলা (ইনডোর গেম) অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। তবে ওই রায়ে দেশের ক্লাবগুলো থেকে জুয়ার উপকরণ জব্দ এবং এসব খেলা থেকে মানুষকে বিরত রাখতে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দেওয়া নির্দেশ স্থগিত করা হয়েছে।

হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে ঢাকা, উত্তরা ক্লাবসহ বেশকিছু ক্লাবকে আপিলের অনুমতি দিয়ে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে গঠিত সাত বিচাপতির আপিল বেঞ্চ গতকাল বৃহস্পতিবার এ আদেশ দেয়।

আদালতে ক্লাবগুলোর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এম আমীর-উল ইসলাম, রোকন উদ্দিন মাহমুদ, ফিদা এম কামাল ও মাসুদ রেজা সোবহান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিটকারীর পক্ষে ছিলেন আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব।

ঢাকাসহ দেশের ১৩ অভিজাত ক্লাবে জুয়া খেলা বন্ধের নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের পরিপ্রেড়্গিতে গত ১০ ফেব্রম্নয়ারি হাইকোর্ট তার রায়ে জানায়, সারা দেশে অর্থের বিনিময়ে হাউজি, ডাইসের মতো অভ্যন্তরীণ খেলা (ইনডোর গেম) অবৈধ।

একই সঙ্গে রাজধানীসহ দেশের কোথাও জুয়ার উপকরণ পাওয়া গেলে তা জব্দ এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেয় আদালত। এরপর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি) করে ঢাকা ক্লাবসহ বেশ কয়েকটি ক্লাব।

রিটকারীর আইনজীবী রেদওয়ান আহমেদ রানজীব বলেন, সারা দেশে জুয়া খেলা বন্ধে হাইকোর্টের রায়ে ছয়টি নির্দেশনা ছিল। এর মধ্যে ৩ নম্বর নির্দেশনাটি স্থগিত করেছে আপিল বিভাগ। এ নির্দেশনাটি ছিল, ‘মহানগর ও মহানগরের বাইরে ঢাকা ক্লাবের মতো অন্যান্য যেসব ক্লাবে এ ধরনের খেলা হয়, সেসব খেলার সরঞ্জাম দ্রুত জব্দ এবং নাগরিকদের এসব খেলা থেকে বিরত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হলো।’