হবিগঞ্জ-ব্রাহ্মণবাড়িয়ায় মাইক্রোবাস দুর্ঘটনায় নিহত ১৪

হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় মাইক্রোবাস দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ৯ জন। শুক্রবার সকালে ও বৃহস্পতিবার গভীর রাতে এ দুর্ঘটনা দুটি ঘটে।

হবিগঞ্জ: ঢাকা-সিলেট মহাসড়কে শুক্রবার সকাল সাড়ে ৬টায় নবীগঞ্জ উপজেলার কান্দিগাও নামকস্থানে দুর্ঘটনায় ৮ জন নিহত হয়।

নবীগঞ্জের শেরপুর হাইওয়ের ওসি এরশাদুল হক ভূইয়া জানান, নারায়গঞ্জ থেকে সিলেটগামী একটি হাইয়েসের (ঢাকা মেট্রো চ ৫৪৬২) গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ৭জন পুরুষ ও একজন নারী যাত্রী মারা যান।

চালকসহ আহত হন ৫জন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল বেশকিছু সময় বন্ধ ছিল।  হতাহতদের বিস্তারিত নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া: জেলার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ছয়জনের মৃত্যু হয়। আহত হয় আরও চারজন।

বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)।

আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)।

আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হতাহত সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলায়।

খাঁটিহাতা হাইওয়ে থানার এসআই প্রেমধন মজুমদার জানান, বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয় যাত্রী নিহত হন। আহত হন আরও চারজন।

তিনি আরও জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও এর কোনো যাত্রী তেমন আহত হননি।