মুজিববর্ষ পালন না করা বিএনপির রাজনৈতিক দেউলিয়াপনা: নাসিম

মুজিববর্ষ পালন না করা বিএনপি এবং তাদের মিত্রদের রাজনৈতিক দেউলিয়াপনারই পরিচয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

তিনি বলেন, মুজিববর্ষ  এ দেশের স্বাধীনতা প্রিয় মানুষের কাছে এখন উৎসবে পরিণত হয়েছে। অথচ বিএনপি রাজনৈতিক কারণে এর বিরোধিতা করছে। এটা নিয়ে রাজনীতি করা হীনমন্যতার পরিচয়।

শুক্রবার দুপুরে কাজীপুর উপজেলার শুভগাছায় পানি উন্নয়ন বোর্ডের যমুনা নদীর তীর সংরক্ষণ কাজের অগ্রগতি পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন নাসিম।

তিনি বলেন, মুজিব জন্ম শতবার্ষিকী অনেকের জীবনে আসেনি, আর আসবেও না। এই মহান নেতার জন্মশতবার্ষিকী পালন কর্মসূচিতে বন্ধুপ্রতিম ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীসহ বিদেশি আরও অনেক মেহমান আসবেন।

আওয়ামী লীগের এ নেতা বলেন, অনেকে আবার স্বেচ্ছায় আসবেন, তাতে কারও আপত্তি থাকা মোটেই বাঞ্ছনীয় নয়। প্রতিবেশী ভারতের রাজনীতিতে কী হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়। এটা বাংলাদেশের কোনো বিষয় নয়।

এদিন বিকেলে সিরাজগঞ্জ শহরে নির্মাণাধীন শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সদ্য নির্মিত একাডেমিক ভবনও পরিদর্শন করেন সাবেক এই স্বাস্থ্যমন্ত্রী।

পরে তিনি মুজিববর্ষ উপলক্ষে সিরাজগঞ্জ সার্কিট হাউসে স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।